ধনবাড়ীতে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ

অপরাধ দুর্ঘটনা ধনবাড়ী শোক সংবাদ স্বাস্থ্য

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আল মদিনা হাসপাতালে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় চাদনীকে। সে উপজেলার মুশুদ্দী ইউনিয়নের সয়া গ্রামের মোঃ আপনের মেয়ে।

নিহত রোগীর স্বজনদের অভিযোগ, অপারেশনের প্রস্তুতির অংশ হিসেবে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার পর অচেতন হয়ে পড়ে সে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিতে হবে। তবে রাত ৯টার দিকে তাকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের দাদি অভিযোগ করে বলেছেন, ১৩ হাজার টাকায় টনসিল অপারেশনের জন্য হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণ পর হাসপাতাল থেকে জানানো হয়, শিশুটিকে ময়মনসিংহে স্থানান্তর করতে হবে। পরে তারা জানতে পারেন, চাদনী মারা গেছে। চিকিৎসকদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিও জানান তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে আল মদিনা হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানিয়েছেন, শিশুটির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *