মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতিহাস ও ঐতিহ্য জাতীয় টাঙ্গাইল সদর রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

মঙ্গলবার, ১৪ এপ্রিল বিকাল ৪টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে পৌঁছান। মাওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন এবং এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং মওলানা ভাসানীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখেন প্রধানমন্ত্রী। পরে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় যোগ দেন তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মওলানা ভাসানী ছিলেন এদেশের গণমানুষের নেতা। তার আপসহীন আদর্শ ও অধিকার আদায়ের সংগ্রাম এদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সরকার তার দেখানো গণমুখী পথ অনুসরণ করেই দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, কৃষকের ভাগ্য পরিবর্তনের যে স্বপ্ন ভাসানী দেখেছিলেন, সেই লক্ষ্যেই আজ টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

এসময় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এমপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজীম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে যান। সেখানে কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে দুইদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *