টাঙ্গাইলে জাল নোট দিয়ে ধরা: ১০ বছরের কারাদণ্ড

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি হলেন মির্জাপুরের ফতেপুুর গ্রামের আছর উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (৪৮)।

 

সোমবার, ১৩ জুলাই দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

টাঙ্গাইলের জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, ২০২১ সালের ২৭ জুন সকালে আসামি ওয়াজ উদ্দিন একটি দোকানে গিয়ে চারটি স্পিড (কোমল পানীয়) কিনে দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি দেখে জাল মনে হলে দোকানদার উপস্থিত লোকজনকে দেখান। তারাও নোটটি জাল বলে সন্দেহ করেন।

এসময় দেলদুয়ার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওয়াজ উদ্দিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে আরও চারটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ ঘটনায় দেলদুয়ার পশ্চিমপাড়া গ্রামের দোকানদার জয়েন উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

২০২২ সালের ২ মার্চ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। পরে শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *