টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় নারীনেত্রী লাঞ্চিত

অপরাধ টাঙ্গাইল সদর দুর্ঘটনা প্রতিষ্ঠান স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করায় টাঙ্গাইল-৫ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সংসদ সদস্য প্রার্থী ও টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথীকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে।

 

বুধবার, ৪ মার্চ দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, দুপুরের দিকে বিথী হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা, শয্যা সংকট ও সেবায় অব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশ তার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ দিকে, ফাতেমা রহমান বিথীর অভিযোগ করেন, আমি রোগীদের দুর্ভোগ নিয়ে কথা বলতে গেলে হঠাৎ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আমাকে ঘিরে ফেলেন। এক পর্যায়ে আমাকে একটি কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। সেখানে ধাক্কা-ধাক্কি ও গায়ে হাত তোলার ঘটনাও ঘটেছে। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলাতেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি জানান, বিষয়টি তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুছ জানান, হাসপাতালের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে কথা কাটাকাটি হয়েছে। তবে মারধরের অভিযোগ সঠিক নয়। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *