বাংলাদেশ দলের এক ধাপ দূরে শমিত সোম পাসপোর্ট পেলেন

বাংলাদেশ দলের এক ধাপ দূরে শমিত সোম পাসপোর্ট পেলেন

খেলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে মাঠে নামতে আর মাত্র এক ধাপ বাকি শমিত সোমের। কানাডায় জন্ম ও বেড়ে ওঠা এই মিডফিল্ডার আজ (৫ মে) হাতে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। এর আগে, গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন ও ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, “শমিত বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছে। এখন আমরা সব কাগজপত্র প্রস্তুত করে ফিফায় আবেদন করব। ফিফা অনুমোদন দিলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না।”

২৭ বছর বয়সী শমিত সোম ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব Cavalry FC-তে। ফিফার অনুমোদন পেলে তিনি খেলতে পারবেন ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচে, যা এশিয়ান কাপ বাছাইয়ের অংশ।

বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলারদের আগ্রহ বাড়ছে। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ও ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজী বাংলাদেশের হয়ে খেলেছেন। তাদের পথ ধরেই এগিয়ে আসছেন শমিত সোম।

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে ২০১৩ সালে জামাল ভূঁইয়া জাতীয় দলে অভিষেকের পর প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। শমিতের অন্তর্ভুক্তি সেই ধারাকেই আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *