
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নতুন বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। বুধবার, ২৫ নভেম্বর সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী, বাসের মালিক ও শ্রমিকরা বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নতুন বাস টার্মিনালের ভিতরে পার্কিং করা নিরালা সুপার বাসের চাকায় একটি বোতলে পেট্রোল দিয়ে আগুন দেয়। এসময় সঙ্গে সঙ্গে অন্য বাসের সহকারী নিরালা সুপার বাসের চাকায় আগুন জ্বলতে দেখে। পরবর্তীতে তিনি আগুন নিভিয়ে বাস টার্মিনালে থাকা মালিক এবং শ্রমিকদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় বাসের চাকার নিচে পড়ে থাকা একটি বোতল উদ্ধার করে পুলিশ।
নিরালা সুপার বাসের (অন্য বাস) সুপারভাইজার আনিসুর রহমান বলেন, সকালে আমার পাশেই পার্কিং করা নিরালা সুপার বাসের চাকা থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখতে পাই। পরে গিয়ে বাসের চাকায় আগুন দেখে নিভানোর চেষ্টা করি। এ ঘটনার পর আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছি।
এ প্রসঙ্গে জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান বলেন, নাশকতার অংশ হিসেবে ফ্যাসিস্টরা বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের নিজস্ব লোকজন দিয়ে প্রতিরাতেই পাহারার ব্যবস্থা করেছি।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, বোতলে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা বোতলটি উদ্ধার করেছি।
