নাগরপুরে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ!

অপরাধ নাগরপুর পরিবেশ প্রতিষ্ঠান

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে অফিসের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে।

শুক্রবার, ২০ নভেম্বর দিনগত রাতে উপজেলার গয়হাটা শাখায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার অফিসের কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ গন্তব্যে চলে যান। পরে রাতের কোনো এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসের নিচতলার একটি জানালা খুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একটি প্লাস্টিকের বোতল ও আগুনে পোড়া কাপড়ের টুকরা পাওয়া গেছে।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারিজুর রহমান বলেন, নাইট গার্ডের মাধ্যমে ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে বাসাইল ও দেলদুয়ার উপজেলার গ্রামীণ ব্যাংকের পৃথক দুটি শাখায় আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *