ভূঞাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা উত্তোলন, বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা

অপরাধ দুর্নীতি প্রতিষ্ঠান ভূঞাপুর শিক্ষা

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক উপকরণ কেনার জন্য বরাদ্দ করা ৫০ হাজার টাকা উত্তোলন করেও বিতরণ না করার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আক্তার বানুর বিরুদ্ধে। ২০২৫-২৬ অর্থবছরে আট শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা এ অর্থ উত্তোলনের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও তারা কোনো সহায়ক উপকরণ পায়নি।

 

নিয়ম অনুযায়ী, গত জুন মাসের মধ্যে বরাদ্দের অর্থ দিয়ে শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে হুইলচেয়ার, চশমা, শ্রবণযন্ত্র, ক্রাচ ও ওষুধসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণের কথা ছিল। ফলে সরকারি সহায়তার অর্থ কোথায় রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক উপকরণ দেওয়ার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আট শিক্ষার্থীর তালিকা উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়। তাদের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫০ হাজার টাকা। অভিযোগ রয়েছে, শিক্ষা কর্মকর্তা নির্ধারিত সময়ে টাকা উত্তোলন করলেও শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করেননি।

সরেজমিনে তালিকাভুক্ত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, কেউই সরকারি সহায়তা পায়নি। তাদের অনেকের পরিবারই মানবেতর জীবনযাপন করছে।

চর অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী দুই বোন তানিয়া ও সোনিয়াকে নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তাদের বাবা রফিকুল ইসলাম। তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী। অন্যদিকে একই বিদ্যালয়ের বাক্প্রতিবন্ধী শিক্ষার্থী সুবর্ণা আক্তারের বাবা আট মাস আগে সৌদি আরবে মারা যান। অর্থাভাবে তার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। তিন মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে সুবর্ণার মায়ের।

ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রাজিনও বাবাকে হারিয়েছে। তার বাবা বুলবুল ইসলাম মারা যাওয়ার পর মাকে নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটছে তার।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. আক্তার বানু জানান, সুযোগ বুঝে শিক্ষার্থীদের মাঝে উপকরণগুলো বিতরণ করা হবে।

উল্লেখ্য, এর আগেও ভূঞাপুর উপজেলার ১০টি বিদ্যালয়ের স্কুল উন্নয়ন কার্যক্রমের জন্য দুই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই বরাদ্দের অর্থ থেকেও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে শিক্ষা কর্মকর্তা আক্তার বানুর বিরুদ্ধে। একের পর এক সরকারি বরাদ্দের অর্থ ব্যবস্থাপনা নিয়ে এমন অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের বিষয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক ও সচেতন মহল।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বরাদ্দ করা অর্থ নির্ধারিত সময়ে বিতরণ না হওয়ার ঘটনায় বরাদ্দের টাকা কোথায় রয়েছে, কেন শিক্ষার্থীরা সহায়তা থেকে বঞ্চিত এবং এ বিষয়ে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে—তা এখন সংশ্লিষ্টদের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *