টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইল সদর পরিবেশ প্রতিষ্ঠান স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: ‘পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার’—এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা পরিষদ।

 

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। এই অভিযানের অংশ হিসেবে জেলা পরিষদের আশপাশের বিভিন্ন স্থানে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং অপরিচ্ছন্ন জায়গাগুলো পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির নিজেই উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ও সহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।

এ প্রসঙ্গে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির বলেন, কেবল সরকারিভাবে মশক নিধন অভিযান পরিচালনা করে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। জেলা পরিষদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *