বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে- প্রতিমন্ত্রী

অর্থনীতি ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে এ দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং বিএনপির নেতৃত্বে আজ দেশের মানুষ সেই গণতন্ত্র লালন করছেন।

 

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান— প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বিএনপি কখনই গণতন্ত্র ও জনগণের স্বার্থের বিপক্ষে যায়নি।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস হলেও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ বিতরণের কাজ শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে দিনরাত কাজ করছেন এবং তিনি আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা।

দেশকে নিয়ে নতুন করে চক্রান্ত চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো গণতন্ত্রবিরোধী শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।

এর আগে বিকেল ৪টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালি, ব্যানার ও বাদ্যযন্ত্রসহ হাজারো নেতাকর্মী জনসভাস্থলে এসে জমায়েত হন। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *