যে সংকট চলছে সেটা ১৮ বছরে ফ্যাসিবাদ তৈরি করে গেছে – মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রতিষ্ঠান বাসাইল রাজনীতি শিক্ষা

বাসাইল প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের যে সংকট এখন চলছে সেটা আমাদের সংকট নয়। এটা ১৮ বছরের ফ্যাসিবাদ তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট উত্তোলনের জন্যে প্রাণান্তকর চেষ্টা করছেন।

মঙ্গলবার, ২৫ আগস্ট বিকেলে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, গত ১৮ বছরে লেখাপড়ার মান ধংস হয়েছে। কারণ দেশটা যখন মেধার ভিত্তিতে হবে, তখন তারা গণতন্ত্রের কথা বলবে, অর্থনীতির কথা বলবে। তখন তারা দেশের সমৃদ্ধির কথা বলবে। যখন দেশটা মেধার ভিত্তিতে চলবে না, লেখাপড়ার মান নিচে নেমে যাবে। তখন দেশ নেশায় ভরে যাবে। তখন দেশটাকে শোষণ ও লুটপাট করা সহজ হবে। সেই কাজটি হাসিনার রেজিম ১৮ বছর ধরে করেছে।

তিনি আরও বলেন, শুধু শিক্ষার মান উন্নয়ন নয়, আজকে অর্থনীতি তলানিতে। এই যে আমরা দেখি বিদ্যুতের ও গ্যাসের সমস্যা কেন? দেশ তো একসময় গ্যাসের উপর ভাসতো। বিদ্যুতের সমস্যা হওয়ার কথা ছিল না। তাহলে কেন আজকে সমস্যা? হাসিনার রেজিম, ফ্যাসিবাদি রেজিম এগুলোকে ধংস করে দিয়েছে।

বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধমন্ত্রীর সহধর্মিণী নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল ও সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *