
সখীপুর প্রতিনিধি: সখীপুরে সড়ক দুর্ঘটনায় ইমু আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। তবে অলৌকিকভাবে অক্ষত রয়েছে তার ছয় মাস বয়সী শিশু সন্তান।
বৃহস্পতিবার, ২০ আগস্ট দুপুরে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের বোয়ালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে। তিনি ভূঞাপুর উপজেলার উত্তর বাড়ৈ গ্রামের রাজনের স্ত্রী। স্বামীর সঙ্গে গাজীপুর এলাকায় বসবাস করতেন ইমু। কয়েকদিন আগে শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি রতনপুরে বেড়াতে এসেছিলেন তিনি।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ইমু আক্তার তাঁর বাবা ও সাত মাস বয়সী মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সখীপুরের দিকে যাচ্ছিলেন।
বোয়ালী বাজারের উত্তর পাশে পৌঁছালে ইমু আক্তার থুথু ফেলতে চলন্ত অটোরিকশা থেকে বাইরে মাথা বের করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা তাঁর মাথায় সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগামী একটি ট্রাক তাঁকে পিষ্ট করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তবে দুর্ঘটনায় ইমুর বাবা ও ছয় মাস বয়সী শিশু সন্তান অক্ষত রয়েছেন। একদিকে মায়ের মৃত্যু, অন্যদিকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে শিশুটির বেঁচে থাকা ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
