বাসাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর বাসাইল

নিজস্ব প্রতিবেদক: বাসাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহিনুর রহমান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার, ৯ আগস্ট দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

 

মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিনুর রহমান স্বপ্নাকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বপ্নাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত স্বপ্নার বাবা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত শাহিনুর রহমানকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর আজহারুল ইসলাম জানান, রায় ঘোষণার সময় আসামি শাহিনুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *