সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

দুর্ঘটনা সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সখীপুর–গোড়াই সড়কের প্রতিমাবঙ্কী মিনি স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন উপজেলার প্রতিমাবঙ্কী গ্রামের বাসিন্দা ও গুনজর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলটিতে চালকসহ তিনজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর তারা মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে দ্রুত পালিয়ে যান। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন আহমেদ পিপিএ জানান, নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *