মাভাবিপ্রবিতে ‘এআই ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি’ সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান শিক্ষা সংগঠন সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ‘এআই ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার, ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনারকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মাভাবিপ্রবির সভাপতি অমিত সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও টেক্সটাইল ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির হকশুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে টেকনিক্যাল টেক্সটাইলস বিষয়ে অধ্যয়নরত মো. শরিফুর রহমান রাকেশ। তিনি টেক্সটাইল ও ফ্যাশনশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বর্তমান ব্যবহার, ভবিষ্যৎ সম্ভাবনা এবং এ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম বলেন, বিশ্ব পরিবর্তনশীল, ফ্যাশনও পরিবর্তনশীল। তাই বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে টেক্সটাইল প্রযুক্তিকেও যুগোপযোগী করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি টেক্সটাইল ও ফ্যাশনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। উৎপাদন ব্যবস্থাপনা, গুণগত মান নিয়ন্ত্রণ, বাজার বিশ্লেষণ এবং ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার শিল্প খাতকে আরো দক্ষ, প্রতিযোগিতামূলক ও টেকসই করে তুলছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানে সীমাবদ্ধ না থেকে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় এমন উদ্যোগকে সব সময় উৎসাহিত করবে, যা শিক্ষার্থীদের শিল্প খাতের বাস্তব চাহিদার সঙ্গে সংযুক্ত করবে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করবে।

অন্যান্য বক্তারা বলেন, বিশ্বব্যাপী টেক্সটাইল ও ফ্যাশনশিল্পে দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন ঘটছে। উৎপাদন ব্যবস্থাপনা, মার্চেন্ডাইজিং, মান নিয়ন্ত্রণ, সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা এবং ফ্যাশন ডিজাইনে এআইয়ের ব্যবহার দিন দিন বাড়ছে। ফলে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে হবে।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এআইভিত্তিক স্মার্ট ম্যানুফ্যাকচারিং, তথ্য বিশ্লেষণ, অটোমেশন এবং ফ্যাশন উদ্ভাবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি টেক্সটাইলশিল্পে প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাব এবং আন্তর্জাতিক চাকরির বাজারে এর গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং টেক্সটাইল ক্লাব, মাভাবিপ্রবির যৌথ উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের শিল্পসংশ্লিষ্ট আধুনিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *