টাঙ্গাইলে রডভর্তি ট্রাক উল্টে ১৫ জন নিহত

দুর্ঘটনা পরিবেশ ভূঞাপুর শোক সংবাদ

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার ভোরে যমুনা সেতুর পূর্বপাড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় ট্রাকে থাকা অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষের সদস্যরা উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার কাজের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ ছিল। পরে বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। এতে বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল আগের তুলনায় স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *