
মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে অবস্থিত কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২৪) নামের এক নারী। বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ আছেন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মঙ্গলবার, ১২ মে সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে বাসাইল উপজেলার কাশিল গ্রামের হায়দার আলীর সঙ্গে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিথী আক্তারের বিয়ে হয়। তাদের আগে ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ এক দশক পর একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় পরিবারজুড়ে আনন্দের জোয়ার বইছে।
মির্জাপুর কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক ডা. এ বি এম আলী হাসান জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। এজন্য মা ও নবজাতকদের বাড়তি সতর্কতা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিশেষ যত্ন নিশ্চিত করা হচ্ছে।
কুমুদিনী হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. মেহেরুন নেছা জানান, চিকিৎসা বিদ্যার তথ্য অনুযায়ী প্রতি ৫ লাখ ১২ হাজার গর্ভধারণে একবার এ ধরনের ঘটনা ঘটে। একসঙ্গে চার সন্তান ধারণ মা ও চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে মায়ের উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা এবং নির্ধারিত সময়ের আগেই প্রসবের ঝুঁকি থাকে। তিনি আরও জানান, মা ও নবজাতকদের হাসপাতালের এনআইসিউতে রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নবজাতকদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ৭ এপ্রিল একই হাসপাতালে আঁখি মণ্ডল নামের আরেক গৃহবধূ অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের যতুকী গ্রামের বাসিন্দা।
