টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ জন শিশু: মৃত্যু ৬জন

অপরাধ টাঙ্গাইল সদর দুর্নীতি পরিবেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ২৬ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৯৩৭ জন শিশু হামে আক্রান্ত হলো। হামে আক্রান্ত নিয়ে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৬ মে) সকাল পর্যন্ত জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রেরিত হামের তথ্য থেকে এ তথ্য জানা যায়।

 

জেলা সিভিল সার্জন অফিস জানায়, হাম আক্রান্ত নিয়ে ২৪ ঘণ্টায় ২৬ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৯ জন এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮ জন, নাগরপুরে ২ জন এবং মধুপুরের হাসপাতালে ১ জন রোগী ভর্তি হয়। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে ১৫ জন রোগী বাড়িতে চলে গেছে। বর্তমানে ১০৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত ৭৩৬ জন শিশু হামের আক্রান্ত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল ও কুমুদিনী হাসপাতালে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আমরা সবাইকে পর্যাপ্ত চিকিৎসা দিচ্ছি।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এ এফ এম মাহবুবুল আলম মঞ্জু বলেন, হামে আক্রান্ত রোগীর জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এছাড়া টিকা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *