ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঘাটাইল তথ্য ও প্রযুক্তি প্রতিষ্ঠান শিক্ষা

ঘাটাইল প্রতিনিধি: ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার, ৮ এপ্রিল বিকেলে ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহিদুর রহমান। ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান মিয়া সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ ফকরুল ইসলাম, ঘাটাইল ব্রাক্ষণশাসন সরকারী কলেজের প্রভাষক কামরুন্নাহার, ঘাটাইল দাখিল মাদ্রাসার সুপার মোঃ আহসান হাবিবুল্লাহ, ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান মিয়া প্রমুখ।

এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞানের বিকল্প নেই।

এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুনিয়র ও সিনিয়র বিভাগে মোট ২৩টি স্টল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ আরও ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *