
ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রত্নাআটা দারুল উলূম হিফজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত দুই শিশু হল- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাবাড়ি এলাকার আশরাফুল ইসলামের মেয়ে মোছা. তামান্না (১৩) এবং মধুপুর উপজেলার শালিকা গ্রামের মনছুর আলীর মেয়ে মোছা. নিছা (১২)। তারা দুজনেই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার সুপার এনায়েত উল্লাহ কয়েকজন শিক্ষার্থী নিয়ে তার জমিতে কাজ করতে যান। কাজ শেষে সন্ধ্যার দিকে শিশুরা পাশের ডোবায় হাত-পা ধুতে গেলে ৪জন ছাত্রী পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয়।
পরে স্থানীয়রা দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং অপর দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে ধলাপাড়া ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তামান্না ও নিছার মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানান, দুই মাদ্রাসার শিক্ষার্থী ডোবার পানিতে পড়ে মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, এই ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষের অবহেলা বা অন্য কোন বিষয় সংশ্লিষ্ট আছে কি-না সেটি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
