ভূঞাপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য কৃষক দল নেতার টাকা নেওয়ার অভিযোগ

অপরাধ দুর্নীতি প্রতিষ্ঠান ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ভূমিহীনদের জন্য বরাদ্দ আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে স্থানীয় কৃষক দলের এক নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিনহাজ ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন কৃষক দলের সভাপতি।

 

জানা যায়, উপজেলার পাছতেরিল্যা গ্রামের মোঃ আজাদ হোসেনের ছেলে ভূমিহীন নুর আলম আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেতে উপজেলা প্রশাসনে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন উপজেলার সানেকবয়ড়া এলাকায় একটি খালি ঘরের তথ্য পায়। তবে ঘর বরাদ্দের প্রক্রিয়াকে কেন্দ্র করে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

 

অভিযোগ রয়েছে, ওই ঘরের পূর্বের বাসিন্দা এক বৃদ্ধ মারা যাওয়ার পর সেটি খালি থাকায় সুযোগ নেয় একটি চক্র। ফলদা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মিনহাজ ও পাছতেরিল্যা গ্রামের দুলাল তালুকদার যোগসাজশে এক স্বামী পরিত্যক্ত নারীর কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন।

একইভাবে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বাসিন্দা কালাম নামের এক ব্যক্তি অপর এক প্রতিবন্ধী নারীর কাছ থেকে একই ঘর দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেন বলেও অভিযোগ পাওয়া গেছে। কৃষক দল নেতা মিনহাজ কালামকে সঙ্গে নিয়ে ঘরটি তাদের দখলে রাখতে তালা ঝুলিয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী দুই নারী জানান, আশ্রয়ণের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয়েছে; কিন্তু এখন পর্যন্ত কোনো ঘর পাইনি।

ঘরে তালা দেওয়ার কথা স্বীকার করে অভিযুক্ত মিনহাজ বলেন, এ ঘরটি আমাদের গ্রামের এক প্রতিবন্ধীকে বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। আবেদনের কোনো ফলাফল না পেয়ে ঘরে তালা দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান জানান, টাকা লেনদেনের বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *