এলেঙ্গায় রাস্তা কেটে যুবলীগ নেতার বহুতল ভবন নির্মাণে দুর্ভোগ চরমে

অপরাধ আইন আদালত কালিহাতী দুর্নীতি পরিবেশ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের কাঁচাবাজার এলাকায় অনুমোদন ছাড়াই যাতায়াতের রাস্তা কেটে বহুতল ভবন নির্মাণ করছেন এলেঙ্গা পৌর যুবলীগের সদস্য পলাশ চন্দ্র দাশ। এ নিয়ে স্থানীয়রা পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। স্থানীয়রা দ্রুত অনুমোদনহীন ভবন নির্মাণ কাজ বন্ধ করে পুনরায় যাতায়াতের ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন।

এদিকে পৌরসভার পক্ষ থেকে ভবন নির্মাণ বন্ধ করার নোটিশ দিলেও কোনো তোয়াক্কা না করে নির্মাণের কাজ করার অভিযোগ রয়েছে।

 

জানা যায়, কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজার থেকে শামসুল হক কলেজ পর্যন্ত দীর্ঘদিন ধরে স্থানীয়রা একটি যাতায়াতের রাস্তা ব্যবহার করে আসছেন। সম্প্রতি ওই রাস্তা কেটে সেখানে একটি ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। এতে এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টিসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবে ভবন নির্মাণের কোনো অনুমোদন ও কোনো নকশাও করা নেই বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তা কেটে বহুতল ভবন নির্মাণ করার কাজ চলছে। একাধিক শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে কাজ করানো হচ্ছে। স্থানীয়দের এ রাস্তা দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়াও পাশেই একটি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে। অন্যদিকে এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদরাসা শিক্ষার্থীরা যাতায়াত করেন। রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এলাকাবাসীর পৌর প্রশাসকের কাছে আবেদন করেছেন।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, রাস্তা কেটে প্রায় ১ মাস ধরে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে করে আমাদের চলাচল করতে অসুবিধা হচ্ছে। অসুস্থ রোগী হাসপাতালে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে। আমরা দ্রুতই ভবন নির্মাণ কাজ বন্ধের দাবি করছি।

অভিযুক্ত পলাশ চন্দ্র দাশ বলেন, পৌরসভার ইঞ্জিনিয়ারের কাছ থেকে ভবন নির্মাণের মৌখিক অনুমোদন নিয়েছি। এছাড়াও আমি ভবন নির্মাণের জন্য পৌরসভায় আবেদন করেছি। অনুমোদন ছাড়াই কীভাবে ভবন নির্মাণ করছেন এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি৷

এলেঙ্গা পৌরসভার প্রকৌশলী সবুজ হোসেন বলেন, পৌরসভা থেকে ভবন নির্মাণে আমরা কোনো অনুমোদন দেইনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর সভার প্রশাসক শায়েদা খানম লিজা বলেন, স্থানীয়দের লিখিত অভিযোগ পেয়েছি। ভবন নির্মাণ বন্ধের জন্য মালিকপক্ষকে লিখিত নোটিশ দিয়েছি।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, বিষয়টি এলেঙ্গা পৌরসভার প্রশাসককে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *