
গোপালপুর প্রতিনিধি: সারাদেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে এবং এর আওতায় সারাদেশে ২০ হাজার কিলোমিটারেরও বেশি নদী ও খাল খনন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী ও খাল খননের কাজ করা হবে। দীর্ঘদিন অবহেলায় দেশের অনেক নদী ও খাল মৃতপ্রায় হয়ে গেছে। সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হলে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার, ১৬ মার্চ দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের রাজ গোলাবাড়ি ব্রীজ সংলগ্ন রাজখাল পুণঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী ও খাল খননের কাজ শুরু হয়েছে। আজ রাজ খাল খননের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট দূর করতে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, টাঙ্গাইল জেলার যেসব খাল ভরাট হয়ে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে। এতে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর বড় ভাই ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
