টাঙ্গাইল সদর শিল্প-সাহিত্য

মৃত্যুঞ্জয়ী

জুলফিকার খান

করুণার রথে চরে
পৃথিবীর দুয়ার খুলে নেমে এলে
নতুন প্রজন্মের হে অতিথি।
জীবনের শুরুতেই কষ্টে-ভরা সমুদ্র
পার হয়ে এলে আদরের খেলাঘরে
তোমার চঞ্চলতায় আজ পুলকিত পৃথিবী।

জীবন-পঞ্জিকার পাতায় লেখা থাকবে
লেখা থাকবে বিষণ্নতার আড়ালে
তোমার আবির্ভাবের কাহিনী।
দুঃস্বপ্নের প্রহর ফুরায় না
ফুরায় না ক্লান্ত সময়
সম্বল শুধু তপ্ত চোখের জল।
কখন যে নীরবে চলে যায় ভোরের আকাশ
দেখা হয় না রঙিন গোধূলির সন্ধ্যা
শুধুই নীরব প্রতিক্ষা।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তুমি আর ওয়েটিং রুমে
আমরা সবাই, তখন অনেকেই ছিল পাশে
স্মৃতির পাতায় চিরভাস্বর হয়ে আছে সবই।

সবার ভালোবাসায় সিক্ত হয়ে
তুমি নীড়ে ফিরে এলে যখন
ফুলেরা প্রস্ফুটিত হলো কাননে
প্রকৃতি মুখরিত পাখির গানে
আঙিনা ভরে গেল নানা আয়োজনে
তোমার শুভ আগমনে।
জয় করে শত কষ্টের পাহাড়
আজ তুমি মৃত্যুঞ্জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *