
নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন কালিহাতি উপজেলার নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অস্তিত্বহীন কেন্দ্রে বেতন প্রদান, বিনা নোটিশে সচল কেন্দ্র বন্ধ এবং ২০২৫ সালের যাকাতের টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে জানা যায়, কালিহাতি উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সল্লা ইউনিয়নে দেউপুর বড়বাজু সেলিমের বাড়ী মক্তবের প্রাক-প্রাথমিক কেন্দ্রটি সচল অবস্থায় কোন প্রকার কারণ দর্শানো নোটিশ ছাড়াই সাবেক ফিল্ড সুপারভাইজার গোলাম ফারুক এবং মডেল কেয়ারটেকার আকবর আলী হঠাৎ করে বন্ধ করে দেন। অথচ সাবেক ফিল্ড সুপারভাইজার গোলাম ফারুক একদিনও কেন্দ্রটি পরিদর্শনে যাননি।
অন্যদিকে বল্লা ইউনিয়নের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ফারজানা আক্তার শিমু গত ৪ বছর যাবত ঢাকা বারডেম হাসপাতালের নার্স হিসেবে কর্মরত থাকলেও বছরের পর বছর তাকে বেতন দিয়ে গিয়েছে। এছাড়া, গোহালিয়াবাড়ী ইউনিয়ন কেন্দ্রের শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম গত ৩ বছর যাবত বেক্সিমকো কোম্পানিতে টাঙ্গাইল সদরে কর্মরত থাকলেও বছরের পর বছর সে বেতন পাচ্ছে।
অন্যদিকে মডেল কেয়ারটেকার আকবর আলী এবং সাধারণ কেয়ারটেকার আব্দুল করিম গত ২০২৫ সালের রমজান মাসে প্রতি শিক্ষকের কাছ থেকে ৩ হাজার টাকা করে ১৭৪ জন শিক্ষকের নিকট মোট ৫ লক্ষ ২০ হাজার যাকাতের টাকা উত্তোলন করেছেন। অথচ টাঙ্গাইল উপ-পরিচালকের কার্যালয়ে মাত্র ১ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে যাকাত ফান্ডে জমা দিয়েছেন।
লিখিত অভিযোগে সল্লা ইউনিয়নে দেউপুর বড়বাজু সেলিমের বাড়ী মক্তবের সচল কেন্দ্রটি নোটিশ ছাড়াই বন্ধ, দুটি কেন্দ্রের শিক্ষকদের অনুপস্থিতিতে বেতন প্রদান এবং কালিহাতি উপজেলার ২০২৫ সালের যাকাত ফান্ডের উত্তোলিত টাকা অনিয়মের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন অভিযোগকারীরা।
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মডেল কেয়ারটেকার আকবর আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে বলেন, যে সকল কেন্দ্র থেকে যে পরিমাণ টাকা উত্তোলন হয়েছে তাই ব্যাংকের মাধ্যমে জমা করা হয়েছে। তিনি আরো বলেন, বল্লা ইউনিয়ন কেন্দ্রের শিক্ষক ফারজানা আক্তার শিমু-এর পরিবর্তে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে এবং গোহালিয়াবাড়ী ইউনিয়ন কেন্দ্রের শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করে পরে টাঙ্গাইলে ওষুধ কোম্পানীতে চাকুরি করেন।
এ বিষয়ে কালিহাতী ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ফিল্ড সুপারভাইজার, বর্তমানে বগুড়ায় কর্মরত গোলাম ফারুক মোবাইলে জানান, উপরের আনীত সকল অভিযোগ মিথ্যা। যাকাত তহবিলের টাকা জমাসহ তার সময়ে কোথাও কোন সমস্যার বিষয় নেই। ভিত্তিহীন সব অভিযোগ উত্থাপন করা হয়েছে।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রাসেল আহম্মেদ জানান, আমি গতমাসে এখানে বদলি হয়ে এসেছি। এখন পর্যন্ত সবগুলো কেন্দ্র পরিদর্শন করতে পারিনি। বল্লা ইউনিয়নের এবং গোহালিয়াবাড়ী ইউনিয়ন কেন্দ্রের শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। আর যাকাতের টাকার প্রসঙ্গে তিনি টাঙ্গাইল জেলার উপ-পরিচালক মহোদয়ের সাথে কথা বরার পরামর্শ দেন।
এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলার উপ পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আমি গত বছর নভেম্বরে এখানে যোগদানের পূর্বে কালিহাতী অফিসের যাকাত তহবিলের টাকা উত্তোলন ও জমা হয়েছে। এ বিষয়ে গঠিত একটি তদন্ত কমিটির তদন্ত চলমান অবস্থায় রয়েছে। যাকাতের টাকার বিষয়ে কোন দুর্নীতি হলে তা শাস্তির আওতায় আসবে। তিনি আরো বলেন, প্রকল্পের কেন্দ্র ও শিক্ষকদের বিষয়ে কোন অভিযোগ সত্য প্রমাণিত হলে অফিসিয়াল আইন অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
