টাঙ্গাইলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর দিবস প্রতিষ্ঠান সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পক্ষে কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা প্রশাসক শরীফা হক ফুলেল শ্রদ্ধা নিবেদন করে দিবসের কর্মসূচি শুরু করেন।

 

শনিবার, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে কর্মসূচির মধ্যে ছিল দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ, ভোরে প্রভাতফেরী, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাজ ধারণ, চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা, কবিতাবৃত্তি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ইত্যাদি।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার, করোনেশন ড্রামাটিক ক্লাব, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান কর্মসূচিগুলো দিনভর পালন করে। এরপর বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন ভোরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভাত ফেরী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

এ উপলক্ষে শনিবার, ২১ ফেব্রুয়ারি দিনভর টাঙ্গাইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দেশের গান ও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ত্রিবেণী-টাঙ্গাইলের উদ্যোগে সকাল থেকে শহরের সড়ক ও সড়কদ্বীপ এবং শহীদ মিনারে আল্পনা আঁকা হয়।

এছাড়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। পরে এক মিনিট নীরবতা পালন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *