ভূঞাপুরে শ্রমিক সংগঠনের আয়োজনে আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী জনসভা

নির্বাচন ভূঞাপুর রাজনীতি সংগঠন

ভূঞাপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, এ আসনে নির্বাচিত হলে শ্রমিকদের আর কোনো দুরবস্থা থাকবে না।

শনিবার, ৭ ফেব্রুয়ারি ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা শ্রমিক সংগঠনের আয়োজনে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘শ্রমিকদের মধ্যে সবাই এক দলের নয়; কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির। আবার কেউ জাতীয় পার্টি বা ভিন্ন দলের। দল-মত নির্বিশেষে আপনারা আমাকে ধানের শীষে ভোট দেবেন। আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে ভূঞাপুরের শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। সব সমস্যার সমাধান একবারেই সম্ভব নয়, তবে ধারাবাহিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

এর আগে বক্তব্য দেন তার কন্যা ডা. সাফাওয়াত বিনতে সালাম। তিনি বলেন, আমার বাবা নির্বাচিত হলে ভূঞাপুরের যে ইউনিয়নে সর্বোচ্চ ভোট পাবে, সেখান থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। শ্রমিকদের পাশে তিনি অতীতেও ছিলেন, ভবিষ্যতেও দল-মত নির্বিশেষে পাশে থাকবেন—এটাই আমার বিশ্বাস।

উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন এবং অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার জুলহাস উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *