
নিজস্ব প্রতিবেদক: লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নির্বাচনী মাঠে বিভিন্ন হামলার অভিযোগ এনে টাঙ্গাইল-৫ সদর আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মোজাম্মল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ৭ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে সংবাদিকদের সাথে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত প্রার্থী মোঃ মোজাম্মেল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বতীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করায় সংগত কারণেই জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক নির্বাচনমুখী দল হিসেবে গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর ভিতরে দেশের অন্যান্য রাজনৈতিক দলের ন্যায় মুক্ত পরিবেশে অবাধে দলের রাজনৈতিক কর্মসূচি দেশবাসীর সামনে তুলে ধরবে এটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বতী সরকার জাতীয় পার্টির সাথে বিমাতা সুলভ আচরণ করছে। জেলা জাতীয় পার্টির কার্যালয়সহ দেশের বিভিন্ন কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এমনকি কেন্দ্রীয় কার্যালয়েও আগুন, ককটেল বিস্ফোরণ ও ভাংচুর করে স্বৈরাচারী কায়দায় আমাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টায় এহেন অপকর্ম নাই যা করা হচ্ছে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের যে সকল নেতা,এমপি-মন্ত্রী সাধারণ মানুষের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করেছে দেশের প্রচলিত আইনে তাদের বিচার অপরিহার্য। কিন্তু আওয়ামী লীগের সৎ, ত্যাগী, নিবেদিত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা, বিনাদোষে কারাগারে দেয়া, নির্বাচন থেকে সুকৌশলে সরিয়ে দেয়া অন্তর্বতীকালীন সরকারের এজেন্ডা হতে পারে না।
তিনি তার ৩৬ বছরের রাজনৈতিক জীবনের নানা রাজনৈতিক কর্মকাণ্ডের উল্লেখ করে টাঙ্গাইল সদর আসনের সকল ভোটারদের কাছে আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট প্রার্থনা ও দোয়া চান।
মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাহমুদ হাসান আনোয়ার, সৈয়দ শামসুদ্দোহা যুবরাজ, ফারুকুল ইসলাম পান্না, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আকবর আলী খান, যুগ্ম সম্পাদক ইব্রাহিম মোল্লা, এডভোকেট সুজাত আলী মিয়া, মাহফুজুর রহমান প্রমুখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।
