
নিজস্ব প্রতিবেদক: দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় টাঙ্গাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী ও চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রিয় বিএনপি।
বুধবার,২১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
জানা যায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদ স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হয়ে হরিণ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা বিএনপি দলীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে টাঙ্গাইলের বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি। এতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
এদিকে, বুধবার দুপুরে বহিষ্কৃত এই তিনজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তবে বহিষ্কৃতরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, নির্বাচনে তারা অংশ নেবেন। দল থেকে এ বহিষ্কারের ঘোষণা তাদের নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না।
