টাঙ্গাইল-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদ নেতা শাকিল

গোপালপুর নির্বাচন ভূঞাপুর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নেতা শাকিলউজ্জামান।

মঙ্গলবার, ২০ জানুয়ারি দুপুরে দলের দফতর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিলউজ্জামান টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে এসে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর আগে, গত সোমবার, ১৯ জানুয়ারি রাত ১১টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

 

ফেসবুক পোস্টে শাকিলউজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত এবং দলীয় নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালে প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচনি লড়াইয়ে কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

তিনি জানান, দল এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকার সুযোগ থাকত। এ পরিস্থিতিতে নির্বাচন চালিয়ে যাওয়াকে নীতিগতভাবে অসংগত মনে করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে যারা তার পাশে ছিলেন- মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রচারে যারা শ্রম দিয়েছেন, সাহস ও শক্তি জুগিয়েছেন তাদের সবার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাকিলউজ্জামান তার পোস্টে আরও জানান- তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নয় বরং এলাকার সন্তান, ভাই ও সহযোদ্ধা হিসেবে জনগণের সুখ-দুঃখে পাশে থাকবেন। ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় নীতিহীনতা ও রাজনৈতিক অপসংস্কৃতি থেকে দূরে থাকার জন্য সবার দোয়া কামনা করেন।

শাকিলউজ্জামান মুঠোফোনে বলেন, রাতে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন মর্মে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। আজ দুপুরে জেলা রিটার্নিং ও জেলা প্রশাসক কার্যালয়ে এসে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি এবং সবসময় গণমানুষের পক্ষে কাজ করে যাবেন।

উল্লেখ্য, ভূঞাপুর-গোপালপুর উপজেলা নিয়ে টাঙ্গাইল-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কারানির্যাতিত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু। তিনি ছাড়াও জামায়াত, জাতীয় পার্টিসহ (জিএম কাদের) অন্যান্য দল নির্বাচনে অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *