টাঙ্গাইলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন- জেলার সখিপুর থানার কালমেঘা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩৩), প্রশাসনিক (শিশু কল্যাণ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী ও টাঙ্গাইলের নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), সদর উপজেলার আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৮) এবং রাজবাড়ি জেলার সদর উপজেলার চর লক্ষীপুর গ্রামের অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩) কে নাগরপুর উপজেলার পাকুটিয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন জানান, গত ৮ জানুয়ারী গোয়েন্দা তথ্য এবং সেনাবাহিনীর অভিযানে ঢাকায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের ১ জন সক্রিয় সদস্য মাহবুব গ্রেফতার হয়। মাহবুব গ্রেফতারের পরে তার নিকট হতে প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে এই চক্রের বেশ কিছু সক্রিয় সদস্যের টাঙ্গাইলে অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ৯ জানুয়ারী অনুমানিক রাত ৩ টায় টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত বাকি চারজনকে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তল্লাশি চালিয়ে মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সাথে প্রশ্নপত্র বিনিময় এবং চাকুরী দেয়ার নামে টাকা আদান প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। পরবর্তীতে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের কাছ থেকে ব্ল্যাংক চেক, ষ্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়েছে।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *