
টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার হলেও টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ নন মেহেদী হাসান মিরাজ। সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে ২৬ ও ২৯ রানের ইনিংস খেললেও এবার বাদ পড়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঘোষিত ১৬ সদস্যের দল থেকে।
রোববার (৫ মে) দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন মিরাজকে এই দলে রাখা হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
তিনি বলেন, “মিরাজ আমাদের জাতীয় দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার, বিশেষ করে টেস্ট ও ওয়ানডেতে। সেটা তার পারফরম্যান্সেই প্রতিফলিত হয়েছে। তবে একটা খেলোয়াড় যদি চোটে পড়ে যায়, তাহলে তিন সংস্করণেই কিছুটা পিছিয়ে পড়ে। আমরা বিশ্বকাপে ওকে কিছুটা পিছিয়ে রেখেছিলাম। এখানেও আমাদের পাঁচ বোলার দরকার, যাদের সবাইকে চার ওভার করতে হবে। এই বিবেচনায় শেখ মেহেদী কিছুটা এগিয়ে আছে।”
গাজী আশরাফ আরও জানান, মিরাজ এখন টি-টোয়েন্টি পরিকল্পনায় পেছনে থাকলেও ভবিষ্যতে তাকে বিবেচনায় রাখা হবে। তিনি বলেন, “মিরাজ যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মতো ক্রিকেটার। আমরা তাকে খেলার মধ্যে রাখব, যেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে না থাকেন।”
নির্বাচকের ভাষ্য অনুযায়ী, স্কোয়াড গঠনে জায়গার অভাবও এক কারণ। তিনি বলেন, “যদি নাহিদ রানা স্কোয়াডে থাকত, তাহলে হয়তো চার পেসার নিয়ে বাড়তি একজন ব্যাটার নেওয়া যেত। কিন্তু লিটন যদি তিন নম্বরে খেলেন, তাহলে মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, শামীম হোসেন, অনিক এবং শান্তর মতো খেলোয়াড় রয়েছেন। ফলে মিরাজের জন্য বাড়তি জায়গা করা সম্ভব হয়নি।”
টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আছেন লিটন দাস। এবার মিরাজকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
