পিএসএলে ইতিহাস গড়লেন রিশাদ ছাড়িয়ে গেলেন সাকিব-কে

পিএসএলে ইতিহাস গড়লেন রিশাদ ছাড়িয়ে গেলেন সাকিব-কে

খেলা

টানা তিন ম্যাচ বেঞ্চে বসার পর অবশেষে সুযোগ পেলেন একাদশে। আর সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন রিশাদ হোসেন। করাচি কিংসের বিপক্ষে দারুণ বোলিং করলেও জয় এনে দিতে পারেননি তিনি লাহোর কালান্দার্সকে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে গড়েছেন রেকর্ড—পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট তার দখলে।

গতকাল (৪ মে) করাচির বিপক্ষে ম্যাচে রিশাদ ৩ ওভারে ২৮ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। যদিও সংখ্যার দিক থেকে ইকোনমি একটু বেশি মনে হতে পারে, তবে ম্যাচের প্রেক্ষাপটে বোলারদের রান খরচ বিবেচনায় এটি ছিল যথেষ্ট কার্যকর।

প্রথম ওভারেই রিশাদ তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট—জেমস ভিন্সকে। নিজের দ্বিতীয় ওভারে একটু খরুচে হলেও (১৩ রান), তৃতীয় ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে দেন ৮ রান। বোলিং শেষে তার পরিসংখ্যান দাঁড়ায় ৩-০-২৮-১।

লাহোর কালান্দার্স আগে ব্যাট করে ১৫ ওভারে সংগ্রহ করে ৮ উইকেটে ১৬০ রান। তখন বৃষ্টি নামলে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ হয়। খেলা পুনরায় শুরু হলে করাচি কিংসের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান। রিশাদ তখন ১ বলে শূন্য রানে অপরাজিত ছিলেন।

করাচির শুরুটা ছিল আক্রমণাত্মক, ৬ ওভারে স্কোরবোর্ডে ৬৮ রান তোলে তারা। এমন চাপে রিশাদ শুরু করেন দুর্দান্তভাবে। যদিও শেষ পর্যন্ত করাচি ম্যাচটি জিতে নেয়, শেষ ৪ ওভারে প্রয়োজনীয় ৫৮ রান তুলে ফেলে তারা হাতে ৩ বল রেখেই।

তবে ম্যাচ হারলেও রিশাদের প্রাপ্তি কম নয়। করাচি কিংসের বিপক্ষে এই ১ উইকেট তুলে নিয়েই তিনি পৌঁছে গেছেন ৯ উইকেটের ঘরে, যা তাকে পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি বানিয়েছে। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

রিশাদের এমন পারফরম্যান্স বাংলাদেশের তরুণ লেগ স্পিনারদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *