
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসন ও মহিলা সংস্থার যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বরেণ্য অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক ও খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক কণিকা মল্লীক।
শেষে জেলার ৭৫ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও উপায় একাউন্টের মাধ্যমে জেলার ৪০ জন অসহায় নারীদের মাঝে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।
এদিকে সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপির নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
