
বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল ও বাদিয়াজান প্লাবনভূমিতে মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার, ৬ আগস্ট দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে প্রায় ১৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর মধ্যে চায়না দুয়ারী জালের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৬০০ মিটার এবং কারেন্ট জালের দৈর্ঘ্য ৬৫০ মিটার। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। পরে জনসম্মুখে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রুহুল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও উপজেলার সর্বত্র নিয়মিত পরিচালনা করা হবে।
