
নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম বিলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩৫টি চায়না জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
সোমবার বিকেলে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। এছাড়া উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেন ও সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ চায়না জাল ব্যবহারের ফলে ছোট মাছ, মাছের ডিম ও রেণুসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়। এতে প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক জানান, অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর আহ্বান জানানো হয়েছে।
