সখীপুরে থেমে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ৪

অপরাধ দুর্ঘটনা শোক সংবাদ সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগি বোঝাই ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার, ৯ জুন ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চারজনই মুরগি বোঝাই ট্রাকের যাত্রী ছিলেন। গুরুতর আহত ব্যক্তি বাঁশের গাড়িতে ছিলেন।

 

নিহতরা হলেন জামালপুরের বকশিগঞ্জের আবুল হাকিমের ছেলে চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্মীতলার মো. পলাশের ছেলে হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়ার মো. এরশাদের ছেলে সাগর (২২), ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)। আহত ব্যক্তি হলেন ঘাটাইলের লক্ষীন্দরের আফসার আলী মন্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)।

স্থানীয়রা জানান, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী একটি মুরগি বোঝাই ট্রাক বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। জানা গেছে, পিকআপটি ঘাটাইলের সাগরদীঘি এলাকা থেকে মুরগি নিয়ে ঢাকার মিরপুরে যাচ্ছিল।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল মামুন বলেন, দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিভর্তি পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মরদেহগুলো থানায় রাখা হয়েছে এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *