টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের সুবিধাবঞ্চিতদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ

অর্থনীতি টাঙ্গাইল সদর পরিবেশ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শনিবার, ৯ মে সকালে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তার মধ্যে নতুন ঘর নির্মাণের জন্য উপকারভোগী প্রতি ৬৫ হাজার টাকা, গরু কেনার জন্য ৪৫ হাজার টাকা এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণের জন্য ২১ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়াও গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীসহ মোট ৬৮ জন বিশেষ সুবিধাবঞ্চিত ব্যক্তিকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।

টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার ৩৭২ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে জীবনমান উন্নয়ন বাবদ ১ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়া আবাসন সহায়তা হিসেবে ১৩৫ জনকে ৮১ লাখ টাকা এবং কারিগরি প্রশিক্ষণ ও অন্যান্য প্রকল্পের আওতায় সব মিলিয়ে মোট ২ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার টাকার চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিসিআরএম বিভাগের পরিচালক মো. রেজাউল করিম।

বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সর্বদা আর্তমানবতার সেবায় নিয়োজিত। এই সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান তারা। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের সহায়তার পরিধি আরও বৃদ্ধি পাবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *