মধুপুর শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অপরাধ আইন আদালত দুর্ঘটনা মধুপুর

মধুপুর প্রতিনিধি: মধুপুর জাতীয় উদ্যান এলাকায় বেওলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার, ২৮ এপ্রিল দুপুরের পর স্থানীয় নারীরা বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর জাতীয় উদ্যানের দক্ষিণে বেরিবাইদ ভিটের বল্লি বাগান এলাকায় প্রথমে কয়েকজন নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে গাছে ঝুলন্ত লাশটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়।

প্রত্যক্ষদর্শী রসুলপুর এলাকার বাসিন্দা মুন্না ও তাইজ উদ্দিন জানান, বিকেল প্রায় ৫টার দিকে তারা ঘটনাটি শোনেন এবং ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান।

খবর পেয়ে সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছান অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল, এসআই বিমল চন্দ পাইন ও বেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায় এবং পরে তা উদ্ধার করে। পরনে খয়েরি রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তার আনুমানিক বয়স প্রায় ৩০ বছর। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলমান আছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *