আজ রোকনুজ্জামান খান দাদাভাইয়ের শুভ জন্মদিন

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর লাইফ স্টাইল শিল্প-সাহিত্য

নিজস্ব প্রতিবেদক: শিশুসাহিত্যিক, সংগঠক ও সাংবাদিক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের আজ জন্মদিন । ১৯৫৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সবচেয়ে বড় শিশু-কিশোর সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন রোকনুজ্জামান খান।

 

রোকনুজ্জামান খান দাদাভাই ১৯২৫ খ্রিষ্টাব্দের এই দিনে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন। দৈনিক ইত্তেফাকের শিশু-কিশোরদের উপযোগী কচিকাঁচার আসর বিভাগের পরিচালক হিসেবে আমৃত্যু তিনি দায়িত্ব পালন করেন।

তার কর্মজীবন শুরু হয় ১৯৪৮ খ্রিষ্টাব্দে আবুল মনসুর আহমদ সম্পাদিত ইত্তেহাদ পত্রিকার ‘মিতালী মজলিস’ নামের শিশু বিভাগের দায়িত্ব লাভের মাধ্যমে। এরপর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে শিশু সওগাত পত্রিকায় দায়িত্ব পালন করেন। ১৯৫২ খ্রিষ্টাব্দে দৈনিক মিল্লাতের কিশোর দুনিয়া’র শিশু বিভাগের পরিচালক ছিলেন।

 

১৯৫৫ খ্রিষ্টাব্দে দৈনিক ইত্তেফাক পত্রিকায় তরুণ সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২ এপ্রিল শিশু-কিশোরদের উপযোগী কচিকাঁচার আসর বিভাগের পরিচালক নিযুক্ত হন। তিনি সেখানে ‘দাদাভাই’ ছদ্মনামে শিশুদের পাতা ‘কচি-কাঁচার আসর’ সম্পাদনা শুরু করেন। আর এ থেকেই তিনি ‘দাদাভাই’ নামে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন।

১৯৫৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সবচেয়ে বড় শিশু-কিশোর সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠার পর বিখ্যাত অনেক ব্যক্তিত্ব এর সদস্য ছিলেন। যেমন, সুলতানা কামাল, হাশেম খান, মাহবুব তালুকদার, কৌতুক অভিনেতা রবিউল প্রমুখ।

রোকনুজ্জামান খান সৃজনশীল ও সাংগঠনিক কর্মের পুরস্কারস্বরূপ ১৯৬৮ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯৪ খ্রিষ্টাব্দে শিশু একাডেমি পুরস্কার, ১৯৯৮ খ্রিষ্টাব্দে একুশে পদক, জসিমউদ্দীন স্বর্ণপদক এবং রোটারি ইন্টারন্যাশনাল ও রোটারি ফাউন্ডেশন ট্রাস্টির পল হ্যারিস ফেলো সম্মানে ভূষিত হন।

শিশু সংগঠনে অসামান্য অবদান রাখায় তিনি ২০০০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

বাক বাকুম পায়রা/মাথায় দিয়ে টায়রা/বউ সাজবে কাল কি/চড়বে সোনার পালকি… তার অসামান্য শিশুতোষ ছড়া। হাট্টিমাটিম টিম, খোকন খোকন ডাক পাড়ি, আজব হলেও গুজব নয় প্রভৃতি বই লিখেছেন দাদাভাই। সম্পাদনা করেছেন আমার প্রথম লেখা, ঝিকিমিকি, বার্ষিক কচি ও কাচা, ছোটদের আবৃত্তি ইত্যাদি বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *