
সখিপুর প্রতিনিধি: সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগ ও আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার, ৪ ফেব্রুয়ারী বহুরিয়া ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এসব নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ আসনের ধানের শীষ প্রতীক মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আহমেদ আজম খান।
এসময় এডভোকেট আহমেদ আজম খান বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিপু জামান বুলবুল, বহুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজল হোসেন মুল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের একপর্যায়ে বিএনপির নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকারীরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
