
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আনঅফিশিয়াল ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ১৪৮ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শরিফুল ইসলামের শুরু ও শেষ, খালেদ আহমেদের আগুনঝরা স্পেল এবং তানভীর ইসলামের ঘূর্ণি—সব মিলিয়ে দারুণ বোলিং দিনে কিউইদের ইনিংস থামে মাত্র ৩৪.৩ ওভারে।
টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলে। মাত্র ৫ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। এরপর ৬ রানের মধ্যেই ফিরে যান আরও দুই ব্যাটার। ৬২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল সফরকারীরা।
তবে একপ্রান্ত আগলে রেখে দৃঢ় প্রতিরোধ গড়েন ওপেনার রায়স মারিউ (৪২) এবং ডিন ফক্সক্রোফট। মারিউ আউট হওয়ার পর শেষ উইকেট জুটিতে দলকে টেনে তোলেন ডিন। তার ৭২ রানের লড়াকু ইনিংসেই কিউইরা দেড়শ রানের কাছাকাছি যেতে সক্ষম হয়।
৬৪ বলে খেলা ডিনের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা, যা বাংলাদেশের বোলারদের জন্য বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তানভীর ইসলাম ও খালেদ আহমেদ ৩টি করে উইকেট নেন। শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন পান ২টি করে উইকেট।
এবার ব্যাট হাতে মাঠে নামবেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানরা। সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে যেতে তাদের লক্ষ্য মাত্র ১৪৮ রান, হাতে রয়েছে পুরো ৫০ ওভার।
৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচও অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ হবে আগামী ৭ মে।
