বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন

অপরাধ আইন আদালত দুর্ঘটনা প্রতিষ্ঠান বাসাইল

বাসাইল প্রতিনিধি: বাসাইলে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসাইল পৌরসভার স’মিল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

 

বাসাইল গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার আনোয়ার হোসেন বলেন, রাত ৩টার দিকে পুলিশ এসে ডাকাডাকি করে। তবে কোনো সাড়া না পেয়ে তারা নিজেদের থানার লোক পরিচয় দিয়ে চলে যায়। এর প্রায় ২০ মিনিট পর রাত সাড়ে ৩টার দিকে নৈশপ্রহরী আগুন লাগার খবর দেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন, দুটি গেটে আগুন জ্বলছে। পরে পানি দিয়ে আগুন নেভানো হয়। বাইরে বের হয়ে একটি পেট্রোলভর্তি বোতলে আগুন দেওয়া অবস্থায় দেখতে পান তারা।

বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টায় দুর্বৃত্তরা ‘স’ মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বোতলে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। এসময় ব্যাংকের নৈশ প্রহরী দোতলায় ছিলেন। তিনি শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে, তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাত সাড়ে ৩টার দিকে ব্যাংকের গেটের সামনে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করেছে। কে বা কারা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *