
মাভাবিপ্রবি প্রতিনিধি: মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৫ নভেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের (১২ তলা) সেমিনার হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমান এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই সিকদার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার উপ-কমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজের কোর্স টিচার সৈয়দা উসতু আনা হান্নানা।
এ সময় আলোচক হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর, বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ। সেমিনার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং সদস্য সচিব ড. মোঃ জাহাঙ্গীর আলমের সার্বিক উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, মৃত্তিকার আদি স্তুর থেকে উঠে এসেছিলেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার জীবনের প্রতিটি ধাপ ছিলো একটি যুদ্ধ, শোষন, নির্যাতিত, নিপীড়িত পক্ষে কাজ করে গেছেন। বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর কোন নেতা আসবেন না।
ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ ও মাওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা। তিনি ছিলেন শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী নেতা এবং বিশ্বশান্তি ও মজলুম মানুষের মুক্তির প্রতীক। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক।
সেমিনারে কবি আবদুল হাই শিকদার বলেন, মওলানা ভাসানী ক্ষমতার রাজনীতি করেননি; বরং রাজনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। কাগমারী সম্মেলন, ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ এবং ফারাক্কা লংমার্চ তাঁর দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও বলেন, মাওলানা ভাসানীর রাজনৈতিক দর্শনের পাশাপাশি সাংস্কৃতিক চিন্তাভাবনাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি ও সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন বলে তিনি মনে করতেন।
সেমিনারে মজলুম জননেতা মাওলানা ভাসানীর জীবনদর্শন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর চিন্তাভাবনা, মানবিক মূল্যবোধ এবং সাম্রাজ্যবাদ ও শোষণবিরোধী অবস্থানের বিভিন্ন দিক তুলে ধরার কথা রয়েছে।
