কালিহাতীতে কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে কৃষিজমি, নষ্ট ফসল

অপরাধ কালিহাতী দুর্ঘটনা দুর্নীতি পরিবেশ

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির পাশে গড়ে ওঠা কয়েকটি রাইস মিল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বর্জ্যে দূষিত হচ্ছে কৃষিজমি। এতে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের দাবি, কারখানার বর্জ্য ও দূষিত পানি জমিতে প্রবেশ করায় মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা আর্থিক লোকসানের শিকার হলেও পাচ্ছেন না কোনো ক্ষতিপূরণ। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগও উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলায় ফসলি জমি ও জনবসতির আশপাশে বেশ কয়েকটি রাইস মিল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে এশিয়া মাল্টি এগ্রো ফুডের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিম্নমানের চাল বাজারজাতের অভিযোগ রয়েছে। অন্যদিকে প্রগতি এগ্রো ফুড, স্বদেশ অটোমেটিক রাইস মিল ও কালিহাতী এগ্রো ফুডের বর্জ্যে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা।

 

সরেজমিনে কালিহাতী-বল্লা সড়কের পাশে মেসার্স এশিয়া মাল্টি এগ্রো ফুডে খাদ্য উৎপাদন কার্যক্রম দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকা এবং তিন ফসলি জমির পাশে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার ব্যবস্থা না থাকায় আশপাশের পরিবেশ ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে।

স্থানীয় কৃষক আনিসুর রহমান জানান, কারখানার রাসায়নিক বর্জ্য ও দূষিত পানি জমিতে প্রবেশ করায় ধানের ফলন কমে গেছে। উৎপাদিত ফসলের একটি বড় অংশও নষ্ট হয়েছে। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ক্ষতিপূরণ পাননি।

কৃষক বেল্লাল হোসেন অভিযোগ করে বলেন, এসব কারখানার কয়েকটির প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নেই। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে মৌখিকভাবে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তার যোগসাজশে অবৈধভাবে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, এশিয়া মাল্টি এগ্রো ফুডে অস্বাস্থ্যকর পরিবেশে চাল উৎপাদন করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এ ছাড়া চাল প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। অন্যদিকে কয়েকটি প্রতিষ্ঠানের বর্জ্যে আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় কৃষকেরা দাবি করেছেন।

স্থানীয় কৃষকদের দাবি, শুধু অভিযোগ গ্রহণ নয়, সরেজমিনে তদন্ত করে কারখানাগুলোর বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশগত ছাড়পত্র ও উৎপাদন কার্যক্রম যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষিজমির মাটি ও পানির নমুনা পরীক্ষা করে দূষণের প্রকৃত কারণ নির্ণয় এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। কৃষিজমি রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কার্যকর পদক্ষেপ নেবে— এমন প্রত্যাশা স্থানীয়দের।

অভিযোগের বিষয়ে এশিয়া মাল্টি এগ্রো ফুডের মালিক লুৎফর জানান, কারখানার লাইসেন্সের জন্য প্রাথমিক অনুমোদন পেতে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছেন।

টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের প্রাথমিক অনুমোদনের ভিত্তিতেই খাদ্য উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়। কোন কোন কারখানা অবৈধভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোর সুনির্দিষ্ট তালিকা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম বলেন, অভিযুক্ত কয়েকটি কারখানার বিষয়ে তিনি অবগত আছেন। এর আগে একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। অন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম বলেন, অভিযুক্ত কয়েকটি কারখানার বিষয়ে তিনি অবগত আছেন। এর আগে একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। অন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *