টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প অস্তিত্ব সংকটে: বন্ধ ৭০টি কারখানা

অর্থনীতি টাঙ্গাইল সদর নাগরপুর পরিবেশ বাসাইল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের একসময়ের ঐতিহ্যবাহী শাল ও চাদর শিল্প এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। সুতার পাশাপাশি রঙের দাম বৃদ্ধি, যন্ত্রচালিত পাওয়ার লুমের আধিপত্য, দক্ষ শ্রমিকের অভাব এবং কার্যকর বাজার ব্যবস্থাপনা না থাকায় ধুঁকছে এ শিল্প। দীর্ঘ পরিশ্রমের পরও উৎপাদিত পণ্যের ন্যায্য দাম ও উপযুক্ত মজুরি না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তাঁতিরা। জীবিকার তাগিদে পূর্বপুরুষের ঐতিহ্যবাহী পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন অনেক দক্ষ কারিগর।

 

জানা গেছে, জিআই পণ্য হিসেবে স্বীকৃত টাঙ্গাইলের তাঁতের শাড়ির পাশাপাশি বাহারি সুতা ও নিপুণ নকশায় তৈরি শাল-চাদরেরও দেশজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। জেলার বাসাইল উপজেলার বাথুলি সাদী, কালিহাতী, নাগরপুর, দেলদুয়ার ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব শাল-চাদর তৈরির কারখানা গড়ে উঠেছে। এর মধ্যে বাসাইলের বাথুলি সাদী গ্রামে কারখানার সংখ্যা সবচেয়ে বেশি। একসময় গ্রামটিতে ৮০টি কারখানা চালু থাকলেও কাঁচামালের মূল্যবৃদ্ধি, পাওয়ার লুমের প্রতিযোগিতা ও শ্রমিক সংকটে এর ৭০টিই বন্ধ হয়ে গেছে। পাশাপাশি পণ্য বাজারজাতকরণের কার্যকর নীতিমালা না থাকায় এবং লোকসানের আশঙ্কায় নতুন করে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা।

স্থানীয় তাঁত কারখানাগুলোতে সুতা, বুনন কৌশল ও নকশার বৈচিত্র্য অনুযায়ী প্রধানত ছয় ধরনের শাল ও চাদর তৈরি হয়। বংশাল, মনিপুরী, নয়নতারা ও ময়ূরকণ্ঠীসহ বিভিন্ন নকশার এসব পণ্য আকার ও মান অনুযায়ী ভিন্ন দামে বিক্রি হয়।

উল্লেখযোগ্য শাল-চাদরের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী তাঁতে সুতি সুতা দিয়ে তৈরি হালকা শীতের উপযোগী আরামদায়ক খাঁটি সুতি চাদর। তীব্র শীত থেকে সুরক্ষা দিতে শতভাগ উল বা পশমি সুতা দিয়ে তৈরি হয় নরম ও উষ্ণ উলের শাল-চাদর। সুতির সঙ্গে সিল্ক কিংবা কৃত্রিম সুতা মিশিয়ে তৈরি করা হয় চকচকে ও মসৃণ সিল্ক ও মিশ্র সুতার চাদর, যা বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে ব্যবহৃত হয়।

এ ছাড়া টাঙ্গাইল শাড়ির আদলে শালের জমিন ও পাড়ে জামদানি কিংবা জ্যাকার্ড তাঁতের নিখুঁত নকশায় তৈরি হয় জামদানি ও ঐতিহ্যবাহী নকশার শাল। বয়স্ক ও পুরুষদের ব্যবহারের উপযোগী একরঙা জমিনে চিকন চেলি পাড়ের নকশা করা চাদরও তৈরি হয় এখানে। পাশাপাশি সাধারণ তাঁতের কাপড়ের ওপর ব্লক প্রিন্ট, বাটিক কিংবা সুতার এমব্রয়ডারি করে তৈরি করা হয় আধুনিক নকশার ফ্যাশনেবল শাল।

আকারের দিক থেকে নারীদের ফ্যাশনেবল শাল সাধারণত ২ থেকে আড়াই হাত চওড়া এবং ৪ থেকে ৫ হাত লম্বা হয়ে থাকে। পুরুষদের ব্যবহার কিংবা শরীরে জড়িয়ে রাখার জন্য ৪ হাত প্রস্থ ও ৭ থেকে ৯ ফুট দৈর্ঘ্যের কিং সাইজ চাদরও তৈরি করা হয়। কাপড়ের মান ও হাতের কাজের সূক্ষ্মতার ওপর নির্ভর করে প্রতিটি চাদর ৭০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।

বাথুলি সাদী গ্রামের তাঁত মালিক আঃ ছালাম বলেন, সুতার দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আগের মতো ব্যবসায় লাভ থাকছে না। ব্যাংক ও উচ্চ সুদে ঋণ নিয়ে কারখানা চালানোর পর কিস্তি পরিশোধ করে পরিবার নিয়ে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। লোকসানের কারণে তাঁর ৩৬টি তাঁতের মধ্যে ১৪টি বন্ধ করে দিয়েছেন। বর্তমানে চালু রয়েছে মাত্র ২২টি তাঁত।

আরেক তাঁত মালিক মোঃ বাদল মিয়া বলেন, কক্সবাজার, শ্রীমঙ্গল, সিলেট ও রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় টাঙ্গাইলের চাদরের চাহিদা বাড়ছে। টাঙ্গাইল শাড়ির মতো শাল-চাদর বিদেশে রপ্তানির উদ্যোগ ও স্বল্প সুদে সরকারি ঋণের ব্যবস্থা করলে এই শিল্প টিকে থাকত।

বাদল মিয়ার দুটি কারখানায় আটটি পাওয়ার লুম ও ছয়টি খটখটি তাঁত রয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতিতে যেকোনো সময় তাঁর কারখানাগুলোও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

অন্যদিকে, মজুরি বৈষম্য ও স্বল্প আয়ের কারণে মানবেতর জীবন কাটাচ্ছেন এ শিল্পের কারিগররা। দীর্ঘদিন ধরে তাঁতের কাজে যুক্ত মাহিম, শিপন, শওকত, মনির, সানি, লালচান ও আহাদ জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়ার লুমে কাজ করে তাঁরা ২০টি চাদর তৈরি করতে পারেন। প্রতিটি চাদরের বিপরীতে তাঁদের মজুরি দেওয়া হয় ২৫ টাকা।

অন্যদিকে, খটখটি তাঁতে প্রতিদিন সর্বোচ্চ ৬ থেকে ৭টি চাদর বোনা সম্ভব। এ ক্ষেত্রে প্রতিটি চাদরের জন্য কারিগররা পান ৫০ থেকে ৫৫ টাকা। বর্তমান বাজারে এই সামান্য আয়ে সংসারের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে অনেকেই তাঁতের কাজ ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের টাঙ্গাইলের বাজিতপুর বেসিক সেন্টারের লিয়াজোঁ কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, কাঁচামালের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে প্রতিযোগিতামূলক বাজারে অনেক মালিক লোকসানে পড়ে কারখানা বন্ধ করে অন্য পেশায় ঝুঁঁকছেন। সরকারি সহযোগিতা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *