
নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ এবং ক্ষতিকর জালের নিষ্ঠুর থাবায় টাঙ্গাইল জেলায় দেশীয় মাছ আজ বিলুপ্তির পথে। ফলে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও সহজলভ্যতা মারাত্মক সংকটের মুখে পড়েছে এবং হারাচ্ছে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি। ‘কোথায় সেই পলোই বাওয়া, কোথায় ঝাঁকি জাল, শুকিয়ে গেছে নদী-নালা, বদলে গেছে কাল’ পঙতির আদলে এখন আর নদ-নদীতে মাছ ধরার উৎসবও চোখে পড়ে না।
কার্তিক মাসের হালকা শীত ও রোদে খাল-বিল ও নিচু জমির পানি দ্রুত শুকিয়ে যাওয়ার সময় একসময় গ্রামগঞ্জে কাদা-পানিতে নেমে মাছ শিকারের ধুম পড়ত। সম্প্রতি কালিহাতী উপজেলার রৌহা গ্রামের শুকনি বিল এবং ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের চাপড়া বিলে কিশোরদের মাছ ধরার কিছু দৃশ্য দেখা গেলেও তা মূলত স্মৃতির পাতায় পরিণত হয়েছে।
জেলা মৎস্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় ৪১ হাজার ৪৯৫টি পুকুর থাকলেও ২৯৮টি বিল, ১২৮টি খাল, ৩টি বাওড় এবং ৪টি পেন কালচার জালের মতো ছড়িয়ে আছে। তবে আবাসিক এলাকা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের কারণে প্রাকৃতিক জলাশয়গুলো ভরাট হয়ে মাছের প্রজননক্ষেত্র নষ্ট হচ্ছে। এ ছাড়া কারেন্ট জাল, বেহুন্দি জাল ও মশারি জালের মতো ক্ষতিকর ফাঁদ ব্যবহার করে ডিমওয়ালা মাছ ও রেণু পোনা নির্বিচারে ধ্বংস করা হচ্ছে।
প্রবীণ জেলেদের মতে, টাঙ্গাইলের নদ-নদী ও বিলে একসময় শতাধিক প্রজাতির দেশি মাছ থাকলেও বর্তমানে চিতল, রিটা, গুজি আইড়, বাঘাইড়, পাবদা, শিং, মাগুর ও দেশি কৈসহ বহু প্রজাতি বিলুপ্তির পথে। বাজারে দেশি মাছের দেখা মেলা ভার এবং যা পাওয়া যায় তা চড়া দামে বিক্রি হয়। ফলে সাধারণ মানুষকে চাষের পাঙ্গাস, তেলাপিয়া ও রুই-কাতলার ওপর নির্ভর করতে হচ্ছে।
এদিকে মুক্ত জলাশয়ে মাছের আকালে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার প্রায় ৩০ হাজার ৫০০ নিবন্ধিত মৎস্যজীবী। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় বহু জেলে পৈত্রিক পেশা পরিবর্তন করে রিকশা চালানো বা দিনমজুরের কাজ বেছে নিচ্ছেন।
টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর বলেন, মিঠা পানির দেশীয় মাছের বিলুপ্তি রোধে ইতিমধ্যে জেলায় ১৩টি মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। তবে মাছের প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় অভয়াশ্রমের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পলি জমে ভরাট হওয়া খাল-বিল পরিকল্পিতভাবে সংস্কার ও দখল-দূষণ প্রতিরোধ করা জরুরি।
