ঘাটাইলে এভারগ্রিন মডেল স্কুল-এর উদ্বোধনী ও প্লে শ্রেণির ফ্রি ক্লাস শুরু

ঘাটাইল পরিবেশ প্রতিষ্ঠান শিক্ষা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে ‘শিশুর বিকাশে আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে এভারগ্রিন মডেল স্কুল এবং একই সাথে প্লে শ্রেণির ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

রোববার, ১ নভেম্বর সকালে অনুষ্ঠানটির শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন রেজাউল করিম। এরপর পর অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

 

এর পরেই স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ লিটন খান, যিনি তার বক্তব্যে স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা ও শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সম্মানিত সভাপতি এনায়েত করিম অন্যান্য বিশিষ্ট অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে এবং আনন্দঘন পরিবেশে কেক কেটে নতুন শিক্ষাবর্ষের শ্রেণিকক্ষ ও শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্রাট বাবর।

অনুষ্ঠানের সভাপতি এনায়েত করিম তার বক্তব্যে বলেন, এভারগ্রিন মডেল স্কুল কেবল একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয় বরং ঘাটাইল অঞ্চলে মানসম্মত আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ার এক আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। তিনি অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, শিশুদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশের জন্য আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। এরপর স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে একটি মনোজ্ঞ ও আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানটির সার্থক সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *