
মধুপুর প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মধুপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
রবিবার, ১ নভেম্বর সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। যুবকদের দক্ষ, প্রশিক্ষিত ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবকদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মাঝে সনদপত্র প্রদান এবং নতুন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।
