
মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে তাওহিদসহ কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে যায়। খেলার একপর্যায়ে তাওহিদ গভীর পানিতে পড়ে যায়। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রা বিলে তাওহিদের জুতা ভাসতে দেখে পানিতে নেমে সন্ধান চালান এবং তাওহিদকে উদ্ধার করেন। পরে তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুন নাহার জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, বছরখানেক আগে মাত্র এক মাসের ব্যবধানে তাওহিদের বাবা আমিনুর মিয়া ও চাচা নজরুল ইসলাম প্রবাসে মারা যান। বাবার শোক কাটতে না কাটতেই পরিবারের ছোট্ট সদস্য তাওহিদের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
